বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ এবং টাঙ্গুয়ার হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সঞ্চালনায় এ সময় হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন ২০২৬ সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (কৃষি পানি ও পরিবেশ) ও মন্ত্রণালয়ের উপ-পরিচালক হোসাইন মো. আল জুনাইদ।
কর্মশালায় আরও বক্তব্য দেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উপ-সচিব, পরিচালক (কৃষি পানি ও পরিবেশ) সংকর কুমার বিশ্বাস।
উম্মুক্ত আলোচনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, গিয়াস চৌধুরী এবং সিএনআরএস এর সমন্বয়ক সাইফুল চৌধুরী।
কর্মশালায় বক্তারা বলেন, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ও সিলেট-মৌলভীবাজারের হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের জন্য জনসাধারণের সচেতনতা খুবই জরুরি। হাওরের জলাভূমি, জলজ উদ্ভিদ, পাখির অভয়াশ্রম রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারিসহ হাওরপাড়ের নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/আরআর




