সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৬ PM

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০৯:৫৭:১৩ PM

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ছবি:সংগৃহীত


 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেটে মাসব্যাপী ‘সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিস, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার (৪ জুন) মাছিমপুরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেন বলেন, সাঁতার শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম কার্যকর ব্যায়াম। তৃণমূল পর্যায় থেকে দক্ষ সাঁতারু গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে সাঁতার কেবল একটি ক্রীড়া দক্ষতা নয়, বরং জীবন রক্ষার গুরুত্বপূর্ণ একটি কৌশল।

তিনি আরও বলেন, মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে আনবে। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, হযরত শাহপরান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রমীলা কোচ তানিয়া আহমেদ এবং প্রশিক্ষক টিটু আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, অভিভাবক এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ