বিয়ানীবাজারে প্রায় ৪৭ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪০ AM

বিয়ানীবাজারে প্রায় ৪৭ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ১১:৩৮:৪৭ PM

বিয়ানীবাজারে প্রায় ৪৭ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলার গুরুত্বপূর্ণ সারপার-সিলেটিপাড়া-গজুকাটা সড়কের উন্নয়নে প্রায় ৪৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। দীর্ঘদিন সংস্কারবিহীন থাকা প্রায় ২১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি পুনর্নির্মাণ ও প্রশস্তকরণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়নে মোট ৪৬ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সড়কটি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ও দুবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকা স্পর্শ করে গেছে এবং স্থানীয় জনগণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বিজিবি ক্যাম্পে যাতায়াতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী জানান, তাঁর আবেদনের প্রেক্ষিতে সরকার এ প্রকল্পের অনুমোদন দিয়েছে। সোমবার (৮ জুন) প্রকল্পটির বরাদ্দ চূড়ান্ত হয়।

তিনি বলেন, ‘সড়কটির উন্নয়নের দাবিটি দীর্ঘদিনের। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।’

এমপি এমরান আহমদ চৌধুরী প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সিলেট অঞ্চলের উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এ প্রকল্পও বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করে তুলবে।

জানা গেছে, তিনটি ধাপে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। কাজ শেষ হলে সড়কটি আরও প্রশস্ত ও যান চলাচলের উপযোগী হবে, ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ