জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৭ AM

জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ১২:০৪:২৮ AM

জলসুখা বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বাজারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে জনগণকে অবহিত করতে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টায় ৩নং জলসুখা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জলসুখা বাজার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আজমিরীগঞ্জ উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জুনায়েদ আহমেদ, সংরক্ষিত মহিলা সদস্য (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) মোছা. জনেরা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী সম্পা রাণী দেব। ভিডিও প্রদর্শনী শেষে তিনি গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার, সেবার পরিধি এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য আইনি সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, ‘গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প সময়ে এবং নামমাত্র খরচে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এতে সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি মামলার দীর্ঘসূত্রিতাও কমে আসে।’

ইউপি সদস্য শেখ জুনায়েদ আহমেদ বলেন, ‘গ্রাম আদালত সম্পর্কে এখনও অনেক মানুষের পর্যাপ্ত ধারণা নেই। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারছে কীভাবে স্থানীয় পর্যায়ে সহজে ও দ্রুত ন্যায়বিচার পাওয়া যায়।’

স্থানীয় বাসিন্দা মিনার মিয়া বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে এ ধরনের প্রচারণামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়োজন আমাদের খুবই ভালো লেগেছে।’

আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ