জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ০৬:৫৩:১৭ অপরাহ্ন

জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের সীমান্তবর্তী মিনাটিলা এলাকার নয়নাভিরাম মিনি সুইজারল্যান্ড খ্যাত ক্রিকেট গ্রাউন্ডে মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাব আয়োজিত টি-১২ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্বাগতিক মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাব ও আসামপাড়া ক্রিকেটার্স।প্রথমে ব্যাট করতে নেমে মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১২ ওভারে ১৮৮ রান সংগ্রহ করে। ফলে প্রতিপক্ষ আসামপাড়া ক্রিকেটার্সের সামনে ১৮৯ রানের লক্ষ্য দাঁড়ায়। জবাবে ব্যাট করতে নেমে আসামপাড়া ক্রিকেটার্স ১৬৮ রান সংগ্রহ করে। ফলে মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সুফিয়ান। ম্যান অব দ্য সিরিজ হন একই দলের এসটি তুহিন। এছাড়া অলরাউন্ডার নৈপুণ্যের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের চায়না রাহি।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ইলিয়াস সারকিস হেলাল, ২নং জৈন্তাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মনজু, স্থানীয় ব্যবসায়ী আব্বাস আলী, স্থানীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুস সালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিরা এ ধরনের ক্রীড়া আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার আহ্বান জানান।বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে অনেক তরুণ ভিডিও গেম ও ইন্টারনেটে অতিরিক্ত সময় ব্যয় করছে। এর ফলে কেউ কেউ বিপথগামী হয়ে মাদকাসক্তিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। যুবসমাজকে এসব নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

বক্তারা আরও বলেন, সীমান্তঘেঁষা মিনি সুইজারল্যান্ড অত্যন্ত সুন্দর ও নয়নাভিরাম একটি পর্যটনসম্ভাবনাময় এলাকা। দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণপিপাসু মানুষের কাছে এ স্থানকে পরিচিত করে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় তারা জানান, কেন্দ্রীয় বাংলা বাজার থেকে মিনি সুইজারল্যান্ড পর্যন্ত সড়কটি পাকাকরণের দাবিতে ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। সড়কটি পাকাকরণ করা হলে এ অঞ্চলের পর্যটন, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা। আয়োজক কমিটির পক্ষ থেকেও দ্রুত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবি জানানো হয়।উল্লেখ্য, ২০২৫ সালে প্রতিষ্ঠিত মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাব স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং ক্রীড়াঙ্গনের বিকাশে কাজ করে যাচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী