আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জৈন্তাপুরের মিনি হলরুমে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখ।
সভায় জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন এমওডিসি ডা. নিলয় মালাকার।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ‘এ’-এর ঘাটতি রাতকানা রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝিনুক পুরকায়স্থ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বোরহান আহমেদ, ডা. সাদিয়া আফরিন, ডা. ইব্রাহিম খলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলহাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং বিভিন্ন এনজিও'র প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক কেন্দ্রে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়।
জৈন্তাবার্তা/আরআর




