ছবি:সংগৃহীত
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে সিলেট বিভাগের জন্য গৌরব বয়ে এনেছে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুমি রানী।
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় একের পর এক সাফল্যের ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে এ কৃতিত্ব অর্জন করেছে সে।
জানা যায়, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রুমি রানী প্রথমে ইউনিয়ন পর্যায়ে অংশ নিয়ে বিজয়ী হয়। পরে উপজেলা ও জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব ধরে রাখে। এরপর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।
জাতীয় পর্যায়ের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখে রুমি।
রুমি রানী নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রঞ্জন ও মা কেশমতি। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল। বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে নিয়মিত নিজের দক্ষতা প্রমাণ করে আসছে সে।
নিজের অনুভূতি প্রকাশ করে রুমি রানী বলেন, “আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।”
কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজেয়া বেগম বলেন, ‘রুমি রাণী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। সে ধারাবাহিকভাবে ভালো করছে। জাতীয় পর্যায়ে তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।’
এলাকার শিক্ষানুরাগী মহিউদ্দিন মহি বলেন, ‘রুমি জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করে শুধু নিজের নয়, পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্য প্রমাণ করে, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




