বাংলাদেশ ব্যাংকের সহায়তায় তারল্য শক্তিশালী, আস্থা ফিরছে ইসলামী ব্যাংকে
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৮ PM

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় তারল্য শক্তিশালী, আস্থা ফিরছে ইসলামী ব্যাংকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৪:৩৮:২৮ PM

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় তারল্য শক্তিশালী, আস্থা ফিরছে ইসলামী ব্যাংকে

সংগৃহীত


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং সুশাসন নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠন করা হবে। পূর্ণাঙ্গ বোর্ড হিসেবে পাঁচ সদস্যের একটি পর্ষদ গঠন করা হচ্ছে। তবে সদস্যদের বিষয়ে যথাযথ যাচাই-বাছাই প্রয়োজন। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ লোক দিতে চাই, যারা দক্ষতার সঙ্গে এই ব্যাংক পরিচালনা করতে পারবেন। আশা করি, খুব শিগগিরই আপনারা একটি সুন্দর ও নিরপেক্ষ বোর্ড পাবেন। একই সঙ্গে তিনি আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ব্যাংকের প্রতি আস্থা রাখার অনুরোধ করেছেন।আজ সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মোহাম্মদ জহির হোসেন বলেন, বর্তমানে সীমিত সময়ের জন্য তিনি এক সদস্যের বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছেন, যাতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যান। ব্যাংকের প্রতি আস্থা রাখুন।

এদিকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন জানিয়েছেন, ব্যাংকের তারল্য পরিস্থিতি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক থেকে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। গত রোববার আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছি। সেই অর্থের পুরোটাও এখনো ব্যবহার করতে হয়নি। গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরে আসছে বলেও দাবি করেন তিনি।আলতাফ হুসাইন আরও বলেন, দেশের একটি বড় শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, আগের তুলনায় হিসাব বন্ধের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমে গেছে। তার মতে, এটি ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের ইতিবাচক ইঙ্গিত বহন করছে।

সাবেক চেয়ারম্যানের ব্যবহৃত গাড়ি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকের নিয়ম অনুযায়ী চেয়ারম্যান একটি সরকারি গাড়ি ব্যবহার করেন। তাকে অপসারণের চিঠি হস্তান্তরের সঙ্গে সঙ্গেই গাড়িটি ফেরত নেওয়া হবে।

সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনর্বহালের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ জহির হোসেন বলেন, তিনি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে। ফলে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার সুযোগ নেই।

জৈন্তাবার্তা/সুলতানা