ছবি:সংগৃহীত
সুনামগঞ্জে প্রবাসী ও তাঁর দুই বন্ধুর পথরোধ করে চাকু দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের মামলায় কান্তা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে শহরের বনানীপাড়া কবরস্থানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার কান্তা বেগম সুনামগঞ্জ সদর উপজেলার হোসেনপুর (টুকেরঘাট) এলাকার হিরন মিয়ার স্ত্রী। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নারী পুলিশ সদস্যরাও অংশ নেন।
পুলিশ জানায়, কান্তা বেগমের বিরুদ্ধে এর আগেও সুনামগঞ্জ সদর থানায় দস্যুতার একটি মামলা রয়েছে। গত ১ জুন ওই মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী ফারহান হোসেন রাফি চৌধুরী তাঁর দুই বন্ধু নাহিদ মিয়া ও মাহমুদুল হাসান তোহাকে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে মানুষের জটলা দেখে তাঁরা মোটরসাইকেল থামান।
এ সময় শিমন চৌধুরী (৪০) ও তাঁর অজ্ঞাতপরিচয় দুই-তিনজন সহযোগী তাঁদের পথরোধ করেন। একপর্যায়ে তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। এ সময় শিমন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীরা মোবাইল ফোন ফেরত চাইলে অভিযুক্তরা চাকু দিয়ে আঘাতের ভয় দেখান। সঙ্গে থাকা জিনিসপত্র না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তাঁরা। একপর্যায়ে তাঁদের কাছ থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা।
এ ঘটনায় গত ২১ অক্টোবর ভুক্তভোগী রাফি চৌধুরী সুনামগঞ্জ সদর মডেল থানায় দস্যুতার অভিযোগে মামলা করেন।
পুলিশ জানায়, মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তার কান্তা বেগমকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




