অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: এমপি কয়ছর আহমেদ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন

অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: এমপি কয়ছর আহমেদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৯:০০:০৯ অপরাহ্ন

অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: এমপি কয়ছর আহমেদ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত থানা ভবনের উদ্বোধন করা হয়েছে। আধুনিক এ থানা ভবন চালুর ফলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।

তিনি বলেন, সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া কঠোরভাবে নির্মূল করতে হবে। এ জন্য পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। আইনের চোখে সবাই সমান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে রয়েছে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার গুরুত্বও তুলে ধরেন তিনি।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষ যেন নির্ভয়ে থানায় এসে সেবা ও আইনি সহায়তা নিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসাইন জামী এবং গীতা পাঠ করেন গৌতম দত্ত।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ