সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

মতবিনিময় সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৭:৫৩:৫০ অপরাহ্ন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ

ছবি:সংগৃহীত


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে কাজ শুরু হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বিষয়টি নিয়ে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে এ উদ্যোগের অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অঞ্চলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা গেলে উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পেছনে বিএনপি সরকারের উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একসময় দেশে চারটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। ওই প্রক্রিয়ার সময় সিলেটে এ ধরনের কোনো প্রতিষ্ঠান না থাকায় তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশনা দেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতা অতিক্রম করে প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া সম্পর্কে সিসিক প্রশাসক বলেন, একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সময়সাপেক্ষ বিষয়। এ জন্য প্রশাসনিক ও আইনগত বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পাশাপাশি সংসদে আইন পাসের বিষয়ও রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর শিক্ষকদের পদমর্যাদা, চাকরির কাঠামো ও সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। যাতে বর্তমান শিক্ষকদের কোনো ধরনের জটিলতায় পড়তে না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

কলেজের যোগাযোগব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কটিতে স্ট্রিট লাইট স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। আগামীকাল সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে সিটি করপোরেশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা ভবিষ্যতে সিলেটের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদী।

কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী অধ্যাপক মাসুদুর রহমান সঞ্চালনা করেন। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবু নাসের মজুমদার। পরে সিসিক প্রশাসক কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সভায় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত
সিলেটে চার বাসে অ/গ্নিসংযোগ
মাধবপুরে বন্ধুর বাড়িতে মিলল যুবকের ম/র/দেহ
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আ/গু/ন
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার