সংগৃহীত
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আব্দুস সোবাহান (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এসআরবি-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বাকলিয়ার তক্তারপুল এলাকার নাছির (৪৫), হাজেরা (৪৫) ও ফারুক (৪২)। তাদের মধ্যে নাছির ও হাজেরা মামলার এজাহারনামীয় আসামি। ফারুককে তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আব্দুস সোবাহান। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআরবি-৭ জানায়, এলাকার মাদক স্পটের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে সোবাহানের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে্রি
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-৭। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তদের কুমিল্লার মুরাদনগরে অবস্থানের তথ্য পেয়ে এসআরবি-৭ ও এসআরবি-১১, সিপিসি-২ এর যৌথ দল অভিযান চালায়।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




