ছবি:সংগৃহীত
সিলেট বিভাগের চার জেলার ৩১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সিলেট জেলার ১৩টি উপজেলার ৯২টি ইউনিয়নে পাঁচ ধাপে ভোট অনুষ্ঠিত হবে। প্রকাশিত কর্মপরিকল্পনায় কোন জেলার কোন উপজেলার ইউনিয়ন পরিষদে কোন ধাপে এবং কবে ভোট হবে, তা উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিকল্পনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত ধাপভিত্তিক তফসিল ও কর্মপরিকল্পনা অনুযায়ী, সিলেট বিভাগের চার জেলার উপজেলাগুলোকে পাঁচ ধাপে ভাগ করা হয়েছে।
সিলেট জেলা
সিলেট জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোটগ্রহণ হবে।
প্রথম ধাপ (২১ জানুয়ারি): কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর।
দ্বিতীয় ধাপ (৪ ফেব্রুয়ারি): সিলেট সদর ও দক্ষিণ সুরমা।
তৃতীয় ধাপ (২৯ এপ্রিল): কানাইঘাট ও জকিগঞ্জ।
চতুর্থ ধাপ (১৩ মে): গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার।
পঞ্চম ধাপ (২৭ মে): বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ।
সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জ জেলার ১১টি উপজেলায় চার ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
প্রথম ধাপ (২১ জানুয়ারি): সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর।
দ্বিতীয় ধাপ (৪ ফেব্রুয়ারি): জামালগঞ্জ, দিরাই, শাল্লা ও ধর্মপাশা।
তৃতীয় ধাপ (২৯ এপ্রিল): জগন্নাথপুর ও শান্তিগঞ্জ।
চতুর্থ ধাপ (১৩ মে): ছাতক ও দোয়ারাবাজার।
মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় পাঁচ ধাপে ভোটগ্রহণ হবে।
প্রথম ধাপ (২১ জানুয়ারি): বড়লেখা ও জুড়ী।
দ্বিতীয় ধাপ (৪ ফেব্রুয়ারি): মৌলভীবাজার সদর।
তৃতীয় ধাপ (২৯ এপ্রিল): রাজনগর।
চতুর্থ ধাপ (১৩ মে): কুলাউড়া ও শ্রীমঙ্গল।
পঞ্চম ধাপ (২৭ মে): কমলগঞ্জ।
হবিগঞ্জ জেলা
হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় চার ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
প্রথম ধাপ (২১ জানুয়ারি): হবিগঞ্জ সদর, লাখাই ও মাধবপুর।
দ্বিতীয় ধাপ (৪ ফেব্রুয়ারি): আজমিরীগঞ্জ ও বানিয়াচং।
তৃতীয় ধাপ (২৯ এপ্রিল): নবীগঞ্জ ও বাহুবল।
চতুর্থ ধাপ (১৩ মে): চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ।
এর আগে নতুন বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপভিত্তিক উপজেলা ও ইউনিয়নের সংখ্যা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১৩০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ



