সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বিলপাড় সড়ক পরিদর্শনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০৯:১৯:১৮ অপরাহ্ন

সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর বিলপাড় এলাকায় সড়ক প্রশস্তকরণে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, সড়ক ও ড্রেন প্রশস্ত করার জন্য জায়গা না ছাড়লে ভবিষ্যতে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হয়ে পড়বে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর বিলপাড় এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীতে সাধারণত ২০ থেকে ২৫ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। কিন্তু এলাকাবাসীর অনুরোধে বিলপাড় সড়ক মাত্র ১০ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হচ্ছে। সড়ক প্রশস্তকরণের জন্য উভয় পাশে জায়গা ছেড়ে না দিয়ে এলাকাবাসী নিজেরাই নিজেদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছেন।

তিনি আরও বলেন, ১০ ফুট প্রশস্ত সড়কের পাশে দুই তলার বেশি উঁচু ভবন নির্মাণের অনুমোদন দেওয়া সম্ভব হবে না। অথচ সড়ক ও ড্রেন ২০ ফুট প্রশস্ত করা গেলে এলাকাবাসীর সুউচ্চ ভবন নির্মাণের সুযোগ তৈরি হতো। তাই নিজেদের বৃহত্তর স্বার্থে সড়ক প্রশস্তকরণে সবার সহযোগিতা প্রয়োজন।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, দুই তলা বেশি, নাকি ২০ তলা বেশি?

সিসিক প্রশাসক বলেন, সড়ক প্রশস্ত হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়ে না, বরং এলাকার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধাও বৃদ্ধি পায়। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকাবাসীকে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিসিক প্রশাসক নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ আবাসিক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ