ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুকচি, দ্বারিখাই ও সিটিংবাড়ী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত সড়ক নির্মাণের উদ্যোগ অবশেষে বাস্তবায়নের পথে। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে গুরুকচি-সিটিংবাড়ী সড়কের আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রীর একান্ত সহকারী ও গুরুকচি গ্রামের সন্তান সোহেল আহমদ এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, সড়ক যোগাযোগের দুরবস্থার কারণে এ অঞ্চলের মানুষকে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে দুর্ভোগ বাড়ে। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ এবং কৃষিপণ্য পরিবহনেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাঁদের। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সাংবাদিক ও কলামিস্ট কামরুজ্জামান বলেন, গুরুকচি-সিটিংবাড়ী সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শুধু একটি অবকাঠামোগত উন্নয়নকাজের সূচনা নয়; দীর্ঘদিন যোগাযোগব্যবস্থায় পিছিয়ে থাকা একটি জনপদের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার স্বীকৃতি।
তিনি বলেন, এলাকার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন। তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল যোগাযোগসংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া। এ সড়কের নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হলে স্থানীয় মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ হবে, কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সুবিধা বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা গ্রহণেও মানুষের ভোগান্তি কমবে।
তিনি আরও বলেন, সড়কটি নির্মিত হলে সামগ্রিকভাবে এলাকার আর্থসামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল আহমদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন কামরুজ্জামান।
দীর্ঘদিনের যোগাযোগসংকট কাটিয়ে সড়কটির নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ



