দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ম্যারাথন অনুষ্ঠিত
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সিসিক প্রশাসক

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৬ ০৮:০৯:৫৩ অপরাহ্ন

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ম্যারাথন অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেটে দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। ‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে সিলেট রানার্স ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন-এই তিনটি বিভাগে দৌড়বিদেরা অংশ নেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি বলেন, মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে ফুল ম্যারাথনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন। পরে ভোর ৫টা ১৫ মিনিটে একই স্থান থেকে হাফ ও মিনি ম্যারাথন শুরু হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ম্যারাথন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের অনন্য অনুশীলন। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত দৌড় ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা তৈরি হয়।

তিনি বলেন, সিলেটের মানুষের খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে এমন আয়োজন সিলেটের সুনাম ও পরিচিতি আরও বাড়াবে। দেশ-বিদেশের মানুষের কাছে সিলেটের ক্রীড়া সংস্কৃতি ও সক্ষমতা তুলে ধরতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

সিসিক প্রশাসক আরও বলেন, ম্যারাথনে তরুণদের পাশাপাশি ৪০ বছরোর্ধ্ব অনেক দৌড়বিদও অংশ নিয়েছেন। রাতের বেলায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন সম্পন্ন করা অসাধারণ শারীরিক সক্ষমতা ও অধ্যবসায়ের পরিচয়। যারা এ আয়োজন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। এ ধরনের মহৎ উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।

আয়োজক সূত্রে জানা যায়, ম্যারাথন উপলক্ষে বৃহস্পতিবার কিট এক্সপোর আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে জার্সি ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। এবারের জার্সিতে সিলেটের ঐতিহ্যের দুই পরিচিত নিদর্শন ক্বিন ব্রিজ ও আলী আমজদের ঘড়ির ছবি স্থান পেয়েছে।

আয়োজকদের লক্ষ্য, ম্যারাথনের মাধ্যমে সিলেটের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরা। পাশাপাশি সুস্থ ও সক্রিয় জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন
সংবাদ প্রকাশের পর কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
রাংপানি নদীতে অবৈধ মাটি কাটার হিড়িক, অভিযানে পালালেন শ্রমিকরা
সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে
সিলেট বিভাগের ৩১৯ ইউপিতে পাঁচ ধাপে ভোট, কোন জেলায় কোন তারিখে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের সং/ঘ/র্ষে কিশোর নি/হ/ত