সংগৃহীত
স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের বেশ কিছু মৌলিক সমস্যার সমাধান করা যায়নি বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কলকারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ কোন বাংলাদেশ? আমরা কোন জাতি? যে জাতি নিজেদেরকে ধ্বংস করছি। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন।
আজ শুক্রবার ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গণতান্ত্রিক সংগ্রামে শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণআন্দোলন পর্যন্ত প্রতিটি পর্বেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে শিক্ষার্থীরা সামনের সারিতে ছিল। সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে তারা বারবার রাজপথে নেমে এলেও কাঙ্ক্ষিত সাফল্য সব সময় ধরা দেয়নি বলে আক্ষেপ করেন তিনি।
ঐতিহ্যবাহী ঢাকা কলেজের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠ থেকে বহু সৃজনশীল নেতৃত্ব উঠে এসেছে এবং এর শিক্ষার্থীরা বরাবরই সংগ্রামী ও সচেতন। তবে শিক্ষার্থীদের আবাসন ও হল সংকট, মানসম্মত গ্রন্থাগার ও গবেষণাগারের ঘাটতির কথা শুনে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।
শিক্ষা ও কর্মসংস্থানের বাস্তবতা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর উচ্চশিক্ষা শেষ করে শিক্ষার্থীরা বের হলেও পর্যাপ্ত চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। তাই সময়োপযোগী ও কার্যকর করতে শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার আনা জরুরি।
ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, পূর্বসূরিদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে একটি সুখী, সমৃদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। যেখানে আগামী প্রজন্ম মর্যাদার সঙ্গে বাঁচবে, সাম্য ও ন্যায়বিচার পাবে এবং নিজের মেধা ও সম্ভাবনা বিকাশের পূর্ণ সুযোগ লাভ করবে।
শিক্ষকদের দায়িত্বের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেবল পাঠদানে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিবেক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করতে হবে। মুক্তচিন্তা, অনুসন্ধিৎসা, গবেষণা ও সৃজনশীলতার চর্চার জন্য ক্যাম্পাসে অনুকূল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে তরুণদের সাহস, সৃজনশীলতা ও উদ্যোগের ওপর আস্থা রেখে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন প্রজন্মের হাত ধরেই বাংলাদেশ একসময় সত্যিকার অর্থে বসবাসযোগ্য ও মানবিক সমাজে রূপ নেবে।
জৈন্তাবার্তা/ সুলতানা




