ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, নদীর তীরের মাটি কাটা এবং অবৈধ স্টোন ক্রাশার মেশিন পরিচালনার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ক্রাশার মেশিনের মোটর জব্দ করা হয়েছে। এ ছাড়া কয়েকটি নৌকা ভেঙে অকেজো করা এবং ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদী ও আসামপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলমের নেতৃত্বে জৈন্তাপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নদীর উভয় তীরে ব্যাপকভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে নদীতে প্রায় ২০০টি নৌকায় বিপুলসংখ্যক শ্রমিককে মাটি কাটার কাজে নিয়োজিত থাকতে দেখা যায়। তবে প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা নৌকাযোগে দ্রুত পালিয়ে যান। এ সময় কয়েকটি নৌকা ভেঙে অকেজো করে দেওয়া হয়।
পরে উপজেলার আসামপাড়া এলাকায় নদীর তীরবর্তী স্থানে অবৈধভাবে স্থাপন ও পরিচালিত স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসব মেশিনে অবৈধভাবে পাথর ভাঙার পাশাপাশি নদী থেকে কেটে আনা মাটি ছাঁকন পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হচ্ছিল। অভিযানে ক্রাশার মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয় এবং একটি মেশিনের মোটর খুলে জব্দ করা হয়।
এ ছাড়া এলাকায় স্থাপিত আরও কয়েকটি ভাইব্রেটর মেশিনের মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে মালিকদের কাছ থেকে মৌখিক অঙ্গীকার নেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, নদী ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন কিংবা মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। জৈন্তাপুরের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




