ছবি:সংগৃহীত
নাশকতা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের ভেতরে ও বাইরের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আনসার ও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে বিমানবন্দরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন সিলেটভিউকে বলেন, ঢাকা থেকে বুধবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বিকেল ৪টা থেকে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বাইরের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত আনসার ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ওসমানী বিমানবন্দরের প্রবেশপথ, সীমানাপ্রাচীর-সংলগ্ন এলাকা ও ল্যান্ডসাইডে নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।
এদিকে, বেবিচকের নির্দেশনায় দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের কথা বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, প্রবেশকারী যানবাহন পরীক্ষা এবং নিরাপত্তা টহল বাড়ানোর কথা রয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় নজরদারি ও টহল অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




