ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুদ্দিন সাদ্দাম জগন্নাথপুর উপজেলার ৭ নম্বর সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে জগন্নাথপুরে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় শামসুদ্দিন মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলচালকসহ আরও দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




