প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান কাইয়ুম চৌধুরীর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৬ ০৯:০১:০৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি:সংগৃহীত


প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে মানুষের জীবনমান উন্নত হবে, অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। অন্যদিকে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। আগামী দিনে তিনি আরও দৃঢ়তার সঙ্গে দেশের সব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। দেশের মানুষের কল্যাণ, অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পলাতক কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ জানে, সরকারও জানে। দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করতে সবাই সমবেত হয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক সন্ত্রাসীরা সিলেটে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। গত রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে কাপড়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। সাহস থাকলে এসব সন্ত্রাসী সামনে এসে কথা বলুক। চোরের মতো রাতের অন্ধকারে এ ধরনের কর্মকাণ্ড করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা বরদাশত করা হবে না। রাজনৈতিকভাবে এসব অপতৎপরতার মোকাবিলা করা হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, বিএনপির উপজেলা, ইউনিয়ন, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। গত দুই দিন ধরে সিলেট মহানগরী ও বিভিন্ন উপজেলায় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোথাও কোনো বিশৃঙ্খলাকারীর সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে। তাঁরা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। তবে তাঁদের ভদ্র আচরণকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দিতে বিএনপি অতীতেও প্রস্তুত ছিল, ভবিষ্যতেও থাকবে।

তিনি নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই, কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর :বাণিজ্যমন্ত্রী
মৌলভীবাজারে পু/শইনের চেষ্টা প্রতিহত করল বি/জিবি
জৈন্তাপুর ও কানাইঘাটে ৭ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আ/গু/ন
সংবাদ প্রকাশের পর কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
রাংপানি নদীতে অবৈধ মাটি কাটার হিড়িক, অভিযানে পালালেন শ্রমিকরা
সড়ক প্রশস্তকরণে জায়গা না ছাড়লে সুউচ্চ ভবন নির্মাণের সুযোগও সীমিত হবে
সিলেট বিভাগের ৩১৯ ইউপিতে পাঁচ ধাপে ভোট, কোন জেলায় কোন তারিখে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ