ছবি:সংগৃহীত
তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনে উৎসাহিত করতে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে সিলেটে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের ঘোষণা দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেছেন, সিউক শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না; সামাজিক দায়বদ্ধতা থেকেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। এর অংশ হিসেবে ম্যারাথনসহ ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার সকালে সিলেট রানার্স ক্লাব আয়োজিত ম্যারাথনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিনি ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কয়েস লোদী বলেন, সিলেটে বিভিন্ন ক্লাব ও অ্যাসোসিয়েশন নিয়মিত ম্যারাথনসহ নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। তাদের এসব উদ্যোগ প্রশংসনীয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রমে যুক্ত হতে চায়। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে কর্তৃপক্ষের উদ্যোগে বড় পরিসরে একটি ম্যারাথন আয়োজন করা হবে। এ আয়োজন সফল করতে সংশ্লিষ্ট ক্লাব, অ্যাসোসিয়েশনসহ সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতা আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা সহযোগিতা করছেন এবং মাঠ ব্যবহারের অনুমতি দিচ্ছেন। সমাজ পরিবর্তনের এ উদ্যোগে তাঁরাও সম্পৃক্ত হতে চান। এ ধরনের সহযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের ধন্যবাদ জানিয়ে সিউক চেয়ারম্যান বলেন, তরুণ দৌড়বিদদের উৎসাহিত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস সিলেট-ঢাকা রিটার্ন টিকিট দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ধরনের সহযোগিতা ক্রীড়াঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
এর আগে ‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে প্রায় দেড় হাজার দৌড়বিদ অংশ নেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউসের সামনে থেকে প্রতিযোগিতা শুরু হয়। দৌড়বিদেরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সালুটিকর পয়েন্ট হয়ে আবার শুরুর স্থানে ফিরে আসেন।
প্রতিযোগিতায় তিনটি বিভাগ ছিল। এর মধ্যে ১০ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ৪২ দশমিক ২ কিলোমিটারের ফুল ম্যারাথন। শুক্রবার ভোরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। পরে সকালে লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




