শাবিপ্রবির ছাত্রী হলে দূর্ঘটনার ঝুঁকি এড়াতে ত্যাগের নির্দেশ, সন্তোষজনক বিকল্প না পেয়ে ভোগান্তিতে ৩৬ শিক্ষার্থী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৬ PM

শাবিপ্রবির ছাত্রী হলে দূর্ঘটনার ঝুঁকি এড়াতে ত্যাগের নির্দেশ, সন্তোষজনক বিকল্প না পেয়ে ভোগান্তিতে ৩৬ শিক্ষার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ০৬:২৬:১৪ PM

শাবিপ্রবির ছাত্রী হলে দূর্ঘটনার ঝুঁকি এড়াতে ত্যাগের নির্দেশ, সন্তোষজনক বিকল্প না পেয়ে ভোগান্তিতে ৩৬ শিক্ষার্থী

সংগৃহিত


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আয়েশা সিদ্দিকা হল-এর(প্রথম ছাত্রী হল) একটি ব্লকে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় ৩৬ শিক্ষার্থীকে জরুরি ভিত্তিতে অন্যত্র স্থানান্তরের নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।

বুধবার (২৪ জুন) হলটির ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. ফাহমিদা আখতার সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, হলের সি ব্লকের তৃতীয় তলার ৩২২, ৩২৩, ৩২৪ ও ৩২৫ নম্বর এবং চতুর্থ তলার ৪২২, ৪২৩, ৪২৪, ৪২৫ ও ৪২৬ নম্বর কক্ষের দেয়ালে বড় ফাটল দেখা গেছে। পরে এসব কক্ষকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে থাকা ৩৬ শিক্ষার্থীকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। আপাতত তাঁদের অতিথিকক্ষ, টিভি রুম এবং স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীদের খালি আসনে রাখা হচ্ছে।

এর আগে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সি ব্লক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের কক্ষ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। একই রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ কক্ষের বাসিন্দাদের অতিথিকক্ষ, লন্ড্রি কক্ষ ও ডি ব্লকের রিডিং রুমে অস্থায়ীভাবে স্থানান্তরের কথা জানানো হয়।

তবে বিকল্প স্থায়ী আবাসনের ব্যবস্থা ছাড়াই হঠাৎ কক্ষ ছাড়ার নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভবনটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ থাকলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আবাসিক শিক্ষার্থী নাজিবা উম্মে আইমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, রাত ৯টার দিকে প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ করে তাঁদের রুম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। বিকল্প আবাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তিনি অভিযোগ করেন, নিরাপত্তার কথা বলা হলেও শিক্ষার্থীদের জন্য যথাযথ প্রস্তুতি ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিলেট ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ঝুঁকি এড়াতে দ্রুত এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ধরনের জোরজবরদস্তির প্রশ্নই আসে না।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ