ছবি:সংগৃহীত
দেশের অর্থনীতি ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, প্রথম পর্যায়ে বাজারের ৩০টি অতি সংবেদনশীল পণ্যকে এআই প্রযুক্তির আওতায় এনে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজারদর নিয়ন্ত্রণে শুধু বর্তমান মূল্য নয়, বরং পণ্যের উৎপাদন পরিস্থিতি, আবহাওয়ার প্রভাব, সম্ভাব্য ফলন এবং আন্তর্জাতিক বাজারের অবস্থা বিশ্লেষণ করে আগাম পূর্বাভাস দেওয়ার জন্য সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি এআইভিত্তিক মডেল তৈরি করা হবে। এর মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।
সিলেটকে দেশের অন্যতম সবজি রপ্তানি হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে খন্দকার মুক্তাদির বলেন, বর্তমানে দেশের মোট সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেটের। তবে মানসম্মত প্যাকেজিং ও প্রয়োজনীয় আন্তর্জাতিক সার্টিফিকেশনের অভাবে রপ্তানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় কৃষকদের বিজ্ঞানভিত্তিক উৎপাদন পদ্ধতি ও ট্রেসেবিলিটি নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি আরও জানান, কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়াতে সরকার সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে, যার উল্লেখযোগ্য অংশ সিলেট অঞ্চলে স্থাপন করা হবে।
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্থবিরতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর প্রভাব সমজাতীয় পণ্য উৎপাদনকারী দেশগুলোর ওপরও পড়ছে। এ অবস্থায় দেশের শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে, যাতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা যায়।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) চালুর লক্ষ্যে জনবল নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মনসুর আসজাদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সৈকত জামিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ, কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস প্রোগ্রাম, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার বিতরণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় মন্ত্রী খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য হেমাটোলজি অ্যানালাইজার সেবার উদ্বোধন এবং জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




