ছবি:সংগৃহীত
সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়ন এবং দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান যথাযথভাবে মূল্যায়নে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে একটি স্বাধীন ও স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট অঞ্চলের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুত এগিয়ে নিতে সরকার কাজ করছে।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী বাজেটে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে যৌথ পর্যালোচনার মাধ্যমে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক, হুমায়ূন রশীদ চত্বরসহ সিসিকের আওতাধীন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ঢাকা-সিলেট মহাসড়ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের কাজের ধীরগতি ও বিভিন্ন জটিলতা কাটিয়ে মহাসড়কটির উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নিতে হবে। আগামী তিন বছরের মধ্যে কাজটি সন্তোষজনক পর্যায়ে নেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বালাগঞ্জ সড়ক সংস্কার, ‘গ্রীন সিটি’ প্রকল্পের আওতায় নগরের অবকাঠামো উন্নয়ন এবং আখাউড়া-সিলেট রুটে নতুন রেল সংযোগের কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে হুমায়ুন কবির বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠনমূলক উদ্যোগ নিয়ে আহতদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।
দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও তারা ভূমিকা রাখছেন। প্রবাসীদের অবদান খাটো করে দেখার যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।
বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি স্বাধীন, স্বাবলম্বী ও প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি অনুসরণে বদ্ধপরিকর। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে।
জাতীয় রাজনীতি ও দলীয় কার্যক্রম প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, অর্পিত দায়িত্ব সততা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে পালন করছেন তিনি। জাতীয় রাজনীতিতে সিলেটের মর্যাদা ও উন্নয়নের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের অন্যতম দায়িত্ব জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা। স্থানীয় সরকারের যেকোনো নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত রয়েছে। তৃণমূলের গতিশীল নেতৃত্ব ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




