রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফর করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টার দিকে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সার্কিট হাউজে বিশ্রামের পর বিকেলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশপথে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিকে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সিলেট নগরীতে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ডিভাইডার, কিন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রঙ করা হচ্ছে। এছাড়া সিটি করপোরেশন এবং হযরত শাহজালাল (রহ.) ও ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজারেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
রাষ্ট্রপতির মাজার জিয়ারত উপলক্ষে প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। পরদিন রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.) এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তাঁর সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।
মঙ্গলবার দুপুরে দুই মাজার জিয়ারতের পর বিকেলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি।
এ প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তার সফরকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে তার প্রতিফলন ঘটবে।
এদিকে, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে সার্বিক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা জোরদার করা হচ্ছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। রাষ্ট্রপতির সম্ভাব্য যাতায়াতের পথ, কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিশেষ নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরীতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর প্রতিটি কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থান নিরাপত্তার আওতায় আনা হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




