মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ PM

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৩:৫৬:০৫ PM

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

সংগৃহীত


মৃত্যুর পর তাঁর দেহ যেন আগুনে পুড়ে ছাই না হয় কিংবা মাটিতে পচে না যায়; বরং চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় ব্যবহৃত হয়ে মানুষের কল্যাণে কাজে লাগে-এমন প্রত্যয় থেকেই নিজের মৃতদেহ দান করে গেছেন নবীগঞ্জের মানবদরদি ও সাহসী যুবক লিটন দাশ তালুকদার। মৃত্যুর এক মাস আগে নোটারীকৃত ঘোষণাপত্রের মাধ্যমে তিনি তাঁর দেহ হবিগঞ্জ মেডিকেল কলেজে দানের ইচ্ছা জানিয়ে যান।

দীর্ঘদিন ধরে দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসাধীন ছিলেন লিটন দাশ। গত ১৩ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকার নিজ বাসভবনে তিনি মারা যান। তাঁর বয়স সম্পর্কে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।

লিটন দাশ ছাত্রজীবনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন, মৃত্যুর পর তাঁর দেহ যদি চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় ব্যবহৃত হয়, তাহলে সেটিই হবে তাঁর জীবনের বড় সার্থকতা। তাঁর দেহ ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে গবেষণার মাধ্যমে ভবিষ্যতে বহু মেডিকেল শিক্ষার্থী উপকৃত হবে এবং তারা চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে পারবে—এমন বিশ্বাস থেকেই সামাজিক নানা বাধা ও প্রচলিত ধারণা অতিক্রম করে তিনি দেহদানের সিদ্ধান্ত নেন।

জানা গেছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বুঝতে পেরে গত ১৩ আগস্ট লিটন দাশ নোটারীকৃত ঘোষণাপত্রের মাধ্যমে তাঁর মৃতদেহ হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য দান করার ইচ্ছা আনুষ্ঠানিকভাবে জানান। পরে ঘোষণাপত্রটি তিনি হবিগঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

১৩ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাবেদ জিল্লুল বারি, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুপার্থ ভট্টাচার্য্য, মেডিকেল টেকনোলজিস্ট প্রশান্ত চন্দ্র দেব, হিসাবরক্ষক সূর্য লাল রায়, ক্যাশিয়ার নারায়ণ পাল, লিটন দাশের বড় ভাই দিপু চন্দ্র দাশ তালুকদার, বাসদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট সবুজ দাশসহ সংশ্লিষ্টরা দিনব্যাপী আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় জেলা প্রশাসনের অনুমতিও নেওয়া হয়।

সব প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৮টার দিকে লিটন দাশের বড় ভাই দিপু চন্দ্র দাশ তালুকদার ও স্বজনরা তাঁর মরদেহ হবিগঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় মেডিকেল কলেজের পক্ষ থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্স নিয়ে নবীগঞ্জে উপস্থিত ছিলেন এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুপার্থ ভট্টাচার্য্য, প্রধান টেকনোলজিস্ট প্রশান্ত চন্দ্র দেব, হিসাবরক্ষক সূর্য লাল রায় ও ক্যাশিয়ার নারায়ণ পাল।

মরদেহ হস্তান্তরের আগে বাসদ হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে লিটন দাশের কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় নেতাকর্মীরা তাঁকে ‘লাল সালাম’ জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, লিটন দাশের মতো একজন মানুষের মৃত্যুর পরও মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিঃসন্দেহে সাহসী ও অনুকরণীয়। তাঁর এই সিদ্ধান্ত অন্যদেরও মানবিক ও বিজ্ঞানমনস্ক চিন্তায় উৎসাহিত করবে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে মৃতদেহ ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দানের মাধ্যমে জীবিত মানুষের উপকার করার সুযোগও বাড়ছে। সামাজিক বাধা ও কুসংস্কার অতিক্রম করে এ বিষয়ে সমাজের অগ্রসর চিন্তার মানুষদের ইতিবাচক ভূমিকা রাখা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক চৌধুরী ফয়সল সুয়েব, বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা কমিটির সদস্য কাঞ্চন চক্রবর্ত্তী, দিপু চন্দ্র দাশ তালুকদার, তমাল ভট্টাচার্য, নরেন্দ্র পাল, কুমারেশ চক্রবর্তী, কংকন চক্রবর্তী ও জয় চক্রবর্ত্তীসহ অনেকে।

হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রধান টেকনোলজিস্ট প্রশান্ত চন্দ্র দেব বলেন, ‘আমাদের দেহ পচনশীল, কর্মটাই মূল। লিটন দাশ সেই মূল কাজটিই করে গেছেন। এ কারণে হবিগঞ্জ মেডিকেল কলেজ পরিবার আজীবন তাঁর মানবিক অবদানের কথা স্মরণ রাখবে।’

লিটন দাশের বাবা মৃত দ্বিজেন্দ্র দাশ তালুকদার এবং মা রেখা রানী দাশ। তাঁর একমাত্র বড় ভাই দিপু চন্দ্র দাশ তালুকদার বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটির সদস্য।

পরিবার ও সংশ্লিষ্টদের দাবি, হবিগঞ্জ জেলার কোনো ব্যক্তির মরণোত্তর দেহদানের এমন ঘটনা এটিই প্রথম। একই সঙ্গে হবিগঞ্জ মেডিকেল কলেজেও এটি প্রথম কোনো মরণোত্তর দেহ গ্রহণের ঘটনা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে গাছের ছায়ায় চলছে পাঠদান
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃ'ত্যু
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সিলেট নগরী
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ