ছবি:সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একটি সড়ক প্রশস্ত ও উন্নত হলে এর সুফল শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং পুরো এলাকার মানুষ ভোগ করেন। সড়ক উন্নয়নের ফলে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও নানাভাবে উপকৃত হন। তাই বৃহত্তর জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ডি-ব্লক সড়ক ও ড্রেনের সংস্কার এবং সম্প্রসারণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সড়ক ও ড্রেন সম্প্রসারণের জন্য জনস্বার্থে নিজেদের ভূমি ছেড়ে দিয়ে সহযোগিতা করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিসিক প্রশাসক বলেন, নগরের উন্নয়ন শুধু সিটি করপোরেশনের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ জন্য নাগরিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণে যাঁরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জায়গা ছেড়ে দিচ্ছেন, তাঁদের এ সহযোগিতা প্রশংসনীয়। তাঁদের এই ত্যাগের সুফল দীর্ঘমেয়াদে পুরো এলাকার মানুষ ভোগ করবেন।
তিনি আরও বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে প্রশস্ত সড়ক ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা অপরিহার্য। এসব অবকাঠামোর উন্নয়ন হলে মানুষের চলাচল সহজ হবে এবং জলাবদ্ধতা নিরসনেও ইতিবাচক ভূমিকা রাখবে। নগরের সামগ্রিক উন্নয়নে এলাকাবাসীকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সিসিক প্রশাসক নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ড্রেনে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন। কিন্তু কিছু অসচেতন মানুষের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সেই প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। ড্রেন ও ছড়ায় বর্জ্য ফেলার ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতারও সৃষ্টি হতে পারে।
পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে। কোনোভাবেই ড্রেন ও ছড়ায় বর্জ্য ফেলা যাবে না। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




