সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এবং যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের (University of Westminster) মধ্যে শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ে যৌথ সহযোগিতার লক্ষ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
শাবিপ্রবির পক্ষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম এবং ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডেপুটি ভাইস-চ্যান্সেলর (গ্লোবাল এনগেজমেন্ট অ্যান্ড এমপ্লয়েবিলিটি) অধ্যাপক দিবেশ আনন্দ (Prof. Dibyesh Anand) ও আর্কিটেকচার অ্যান্ড সিটিস স্কুলের গ্লোবাল এনগেজমেন্ট ডিরেক্টর অধ্যাপক ড. জিউলিও ভারদিনি (Prof. Dr. Giulio Verdini) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের প্রধান ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে গবেষণা ও শিক্ষায় যৌথ সহযোগিতা: উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, জ্ঞান বিনিময় (Knowledge Exchange), শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ পাঠদান কার্যক্রম পরিচালনা করা।
যৌথ প্রাতিষ্ঠানিক কার্যক্রম: ওয়ার্কশপ, ফিল্ড ট্রিপ, সামার স্কুল, শর্ট কোর্স, কনফারেন্স আয়োজন এবং ব্যবহারিক শিক্ষা কার্যক্রম জোরদার করা।
প্রকল্প ও ডিগ্রি সুবিধা: শিক্ষার্থী ও শিক্ষকদের প্রজেক্ট ভিত্তিক শিক্ষা এবং ক্রেডিট ট্রানস্ফার/ডিগ্রি পাথওয়ে (যেমন: ১+১ ডিগ্রি সুবিধা) অনুসন্ধানের সুযোগ সৃষ্টি করা।
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষাজগতে নতুন দিগন্ত উন্মোচিত হলো এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল হামিদ, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, আর্কিটেকচার বিভাগের প্রধান স্পপতি ইফতেখার রহমান, রেজিস্ট্রার (ইনচার্জ) কালাম আহমদ চৌধুরী প্রমুখ।
জৈন্তাবার্তা/ সুলতানা




