রাষ্ট্রপতির সিলেট আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, মাঠে ১২০০ পুলিশ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ PM

যান চলাচলে বিশেষ ব্যবস্থা

রাষ্ট্রপতির সিলেট আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, মাঠে ১২০০ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ১০:৪৩:৪৭ PM

রাষ্ট্রপতির সিলেট আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, মাঠে ১২০০ পুলিশ

ছবি:সংগৃহীত


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রায় ২০০ সদস্য সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। পাশাপাশি র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় সংস্কারকাজ জোরদার করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকেও সফরকে ঘিরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে। সংবর্ধনা শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিরাপত্তায় বিশেষ গুরুত্ব

রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তাঁর তথ্য অনুযায়ী, সফরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত এলাকাগুলোতে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভাও হয়েছে। সেখানে নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জনসাধারণের চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

বিমানবন্দর ও সংবর্ধনাস্থল পরিদর্শন

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সোমবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেন। পরে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে গিয়ে নাগরিক সংবর্ধনার মঞ্চ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।

যান চলাচলেও বিশেষ প্রস্তুতি

রাষ্ট্রপতির চলাচলের সময় নগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ট্রাফিক ও জননিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে জিয়ারত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর। এক দিনের এ সফরকে ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ