ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও দুটি বালুবাহী নৌকা (বলগেট) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই শ্রমিককে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পাইলগাঁও ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
অভিযানকালে বেআইনিভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন ও দুটি বালুর নৌকাসহ দুই শ্রমিককে আটক করা হয়। আটকরা হলেন-আল আমীন (৩৫) ও আফছর আলী (২৮)।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় উভয়কে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন বলেন, জনস্বার্থে এবং নদীর পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




