সংগৃহিত
এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
পূর্বঘোষণা অনুযায়ী, গত ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ড প্রকাশিত ফলাফল অনলাইনে সংগ্রহ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে। পরে তা শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা যাবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে HSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পরীক্ষার সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত আবেদনপ্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষায় বেশ কয়েকজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




