সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) রাত ৩টা ৩৫ মিনিটের দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পুলিশ চেকপোস্টে এ অভিযান চালায়।
এ সময় ঢাকা মেট্রো-ন-২০-৯০৪১ নম্বরের একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান তল্লাশি করে ৮৬৪ পিস ভারতীয় শাড়ি, যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ৮৮ হাজার টাকা, ১০০ বস্তায় ৩ হাজার কেজি ভারতীয় জিরা, যার মূল্য ১০ লাখ টাকা এবং ১৭ হাজার ২৮০ পিস ভারতীয় ছোট আকারের হারমনি সাবান, যার মূল্য ৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পণ্য বহনকারী কাভার্ডভ্যানটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সব মিলিয়ে এ গাড়িতে জব্দ করা মালামালের মূল্য ৮২ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।
একই সময় ঢাকা মেট্রো-ন-২২-১২২০ নম্বরের একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৪ হাজার ৩২ পিস ডেনভার ব্র্যান্ডের ১৫০ মিলিলিটারের বডি স্প্রে, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ২৮ হাজার ৮০০ টাকা এবং একটি স্মার্টফোন, যার মূল্য ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। সব মিলিয়ে দ্বিতীয় গাড়িতে জব্দ করা মালামালের মূল্য ৫৬ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
অভিযানে দুটি কাভার্ডভ্যানসহ সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও যানবাহন জব্দ করা হয়।
এ ঘটনায় মাঝারি আকারের কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ সাইফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা জেলার সাভার থানার আনন্দপুর গ্রামের আব্দুল শেখের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জৈন্তাবার্তাকে জানান, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জৈন্তাবার্তা/আরআর




