গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৬ ০১:০৬:১১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে  হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ

ছবি:সংগৃহীত


সময়ের স্রোতে বদলে গেছে চারপাশ, বদলে গেছে মানুষের জীবনযাত্রা। তবু কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝাঙালহাটা বটতলা মাঠের পাশে অবস্থিত এক প্রাচীন ছোট্ট মসজিদ।
আকারে ছোট হলেও এর ইতিহাস ঘিরে রয়েছে বিস্ময়, আবেগ আর নানা লোককথা। জনশ্রুতি অনুযায়ী, মসজিদটির বয়স প্রায় ৭০০ থেকে ৮০০ বছর। তবে দীর্ঘদিনের অবহেলা, প্রয়োজনীয় সংস্কার ও সুযোগ-সুবিধার অভাবে ঐতিহাসিক এই স্থাপনাটি আজও তার হারানো প্রাণচাঞ্চল্য ফিরে পায়নি।

লোকমুখে প্রচলিত এক ব্যতিক্রমী কাহিনি মসজিদটির ইতিহাসকে আরও আকর্ষণীয় করে তুলেছে। জনশ্রুতি রয়েছে, বহু বছর আগে এক পরহেজগার নারী নিজের মানতের একটি ডিম বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে ছোট আকৃতির এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সামান্য একটি ডিম বিক্রির অর্থ দিয়ে আল্লাহর ঘর নির্মাণের এমন কাহিনি প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। যদিও এই কাহিনির পক্ষে এখন পর্যন্ত কোনো লিখিত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও স্থানীয় মানুষের কাছে এটি গভীর শ্রদ্ধা ও আবেগের বিষয়।
মসজিদটি ঘিরে আরও নানা জনশ্রুতি রয়েছে। স্থানীয়দের কেউ কেউ ধারণা করেন, হযরত শাহজালাল (রহ.)-এর সিলেট আগমনেরও আগে এই মসজিদ নির্মিত হয়ে থাকতে পারে। আবার কারও ধারণা, এটি ব্রিটিশ আমলেরও বহু আগের স্থাপনা। তবে প্রকৃত নির্মাণকাল, প্রতিষ্ঠাতা কিংবা মসজিদটির ঐতিহাসিক পটভূমি সম্পর্কে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো লিখিত দলিল বা প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। ফলে মসজিদটির প্রকৃত ইতিহাস উদঘাটনে প্রয়োজন প্রত্নতাত্বিক অনুসন্ধান ও যথাযথ গবেষণা।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘ কয়েক বছর ধরে মসজিদটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবহার কমে যায়, কমে আসে মুসল্লিদের আনাগোনাও। একপর্যায়ে স্থানীয় মুরুব্বি মাওলানা মশরফ আহমদের সহযোগিতায় মসজিদটির আংশিক সংস্কারকাজ করা হয়। তাঁর উদ্যোগ ও খেদমতে মসজিদটি আবারও ব্যবহারের উপযোগী করার চেষ্টা চলছে। এখনও তিনি নিয়মিত মসজিদটির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করে যাচ্ছেন। তবে উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাবে মসজিদটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। বিশেষ করে মুসল্লিদের জন্য একটি ওয়াশরুম ও অজুখানা না থাকায় নামাজ আদায় করতে আগ্রহী মানুষেরা নানা অসুবিধার মুখোমুখি হচ্ছেন। প্রয়োজনীয় সংস্কার ও সুযোগ- সুবিধা নিশ্চিত করা গেলে মসজিদটিতে নিয়মিত নামাজ আদায়ের পরিবেশ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
 একটি ধর্মীয় স্থাপনা কেবল ইট-পাথরের নির্মাণ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, পূর্বপুরুষদের স্মৃতি, ধর্মীয় আবেগ এবং একটি এলাকার ইতিহাস। ঝাঙালহাটার এই ছোট্ট মসজিদটিও তেমনই এক ঐতিহ্যের স্মারক। এর নির্মাণকাহিনি সত্য হোক কিংবা লোকমুখে প্রচলিত

জনশ্রুতিÑমসজিদটি ঘিরে স্থানীয় মানুষের আগ্রহ ও আবেগকে অস্বীকার করার সুযোগ নেই। বিশেষজ্ঞদের মাধ্যমে মসজিদটির বয়স, নির্মাণশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব যাচাই করা গেলে গোলাপগঞ্জের অতীত ইতিহাসের একটি অজানা অধ্যায় সামনে আসতে পারে। একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে তাদের এলাকার প্রাচীন ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যের কথা। স্থানীয় সচেতন মহলের দাবি, মসজিদটির প্রকৃত ইতিহাস অনুসন্ধানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার, অজুখানা ও ওয়াশরুম নির্মাণ করে মসজিদটি পূর্ণাঙ্গভাবে চালুর ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, প্রবাসী, বিত্তবান ও সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা। কালের বিবর্তনে অনেক ঐতিহাসিক স্থাপনা হারিয়ে গেছে, অনেক স্মৃতি মুছে গেছে সময়ের ধুলোয়। গোলাপগঞ্জের এই প্রাচীন মসজিদটির ক্ষেত্রেও যেন এমন পরিণতি না হয়। একটি মানতের ডিম বিক্রির অর্থে মসজিদ নির্মাণের যে বিস্ময়কর জনশ্রুতি আজও মানুষের মুখে মুখে ফিরছে, তার সত্যতা অনুসন্ধান এবং স্থাপনাটিকে সংরক্ষণ করা সময়ের দাবি। হয়তো ছোট্ট এই মসজিদটির দেয়ালে লুকিয়ে আছে কয়েক শতাব্দীর ইতিহাস। প্রয়োজন শুধু সেই ইতিহাসকে খুঁজে বের করা, অবহেলার ধুলো সরিয়ে ঐতিহ্যটিকে নতুন করে জাগিয়ে তোলা। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতায় একদিন আবারও নিয়মিত মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠবে ঝাঙালহাটার এই প্রাচীন মসজিদ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর