সিলেটে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা, এক মাসের আলটিমেটাম
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে সিসিক প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির ঘোষণা

সিলেটে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা, এক মাসের আলটিমেটাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৮:১৬:৪০ অপরাহ্ন

সিলেটে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা, এক মাসের আলটিমেটাম

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সমাবেশ ও মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিকরা। আগামী এক মাসের মধ্যে নগরীর মশা নিধনে মাঠপর্যায়ে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘মশা নিয়ে ভাবনা আর না, আর না; সিলেট সিটি করপোরেশনের লোকদেখানো মশার ওষুধ ছিটানো আমরা আর দেখতে চাই না’—এ প্রতিপাদ্য সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জিন্দাবাজার পয়েন্ট ও ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা মশারি টাঙিয়ে নগরীর মশার উপদ্রবের চিত্র তুলে ধরেন এবং মশা নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, দিন দিন সিলেট নগরী দুর্ভোগের নগরীতে পরিণত হচ্ছে। বর্ষাকালে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে ধুলাবালি আর শীতের শুরুতেই মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। বাসাবাড়ি, অফিস-আদালত কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান—কোথাও মশার হাত থেকে রেহাই মিলছে না।

তারা বলেন, শীতের শুরুতে মশার উপদ্রব বাড়তে পারে, বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল। সে অনুযায়ী সিটি করপোরেশনের আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু মশক নিধনে ওষুধ ছিটানোর কার্যক্রম চললেও মশার উপদ্রব কমছে না। কয়েল, অ্যারোসল কিংবা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেও নগরবাসী স্বস্তি পাচ্ছেন না।

বক্তারা আরও বলেন, মশার কারণে বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। সন্ধ্যা হলেই মশার যন্ত্রণায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়তে পারছে না। তাই লোকদেখানো কার্যক্রমের পরিবর্তে নগরীর প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস এবং কার্যকর ওষুধ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে আগামী এক মাসের মধ্যে মাঠপর্যায়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় মশা নিধনে জনসাধারণের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে সিসিক প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আয়োজকরা।

জাতীয় যুব দিবস-২০১০-এ শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত, তিনটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকসের সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সভাপতি মো. আজিজুর রহমান আজিজ।

এ সময় বক্তব্য দেন সিকসের কার্যকরী কমিটির সহসাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকসের সহসভাপতি এম এ আলী জালালাবাদী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস এবং সিলেট মহানগর কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেন।

সমাবেশ ও প্রতীকী শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সিবিযুকসের বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহসাংগঠনিক সম্পাদক সোহেল আলী, সহঅর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সহআন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না ও সহসাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু।

এ ছাড়া সমাজ সচেতন নাগরিকদের মধ্যে মো. বাছির আহমদ, শ্রীকান্ত দাস, মো. রিপন মিয়া, মো. সিরাজুল ইসলাম, সেতু রঞ্জন সরকার, মো. খসরু মিয়া, ঋষিকেশ দাশ লিটন, হরিমোহন রায়, রূপন দত্ত, সজল রায়, মো. মুহিব আহমদ ও বিজিত লালসহ অর্ধশতাধিক নাগরিক মশারি নিয়ে প্রতীকী শোভাযাত্রায় অংশ নেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: