সংগৃহীত
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামের সরদার পাড়ায় এ ঘটনা ঘটে। এসময় আরও একজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার বরেয়া গ্রামের সোনা সরদারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (২৫) ও একই গ্রামের মনি সরদারের ছেলে আরাফাত হোসেন (১৫)। নিহত আরাফাত স্থানীয় বরেয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।এ সময় অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ আলীর ছেলে তারালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন।
প্রত্যক্ষদর্শী বরেয়া গ্রামের রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে বরেয়া গ্রামের হাতেম আলী সরদার তার বাড়িতে একটি নতুন সেপটিক ট্যাংক তৈরি করেন। আজ বেলা ১২টার দিকে রাজমিস্ত্রি মহানন্দ সরকার সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের তক্তা খোলার জন্য ভিতরে নামেন। বিষয়টি দেখতে স্কুল ছাত্র আরাফাত হোসেনও ট্যাংকের ভিতরে নামে। ভিতরে নামার কিছুক্ষণ পরেই অক্সিজেনের অভাবে দুইজনই ভিতরে মারা যায়। বেশ কিছুক্ষণ ধরে তাদের দুইজনের কোন সাড়াশব্দ না পেয়ে গোলাম হোসেন তাদের উদ্ধারের জন্য ট্যাংকটির ভিতরে নামার চেষ্টা করে। কিন্তু ভিতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জৈন্তাবার্তা/ সুলতানা




