শহীদ জগৎজ্যোতি দাসের ৫৫তম মৃ/ত্যুবার্ষিকী আজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

শহীদ জগৎজ্যোতি দাসের ৫৫তম মৃ/ত্যুবার্ষিকী আজ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০২:৩৯:৪৫ অপরাহ্ন

শহীদ জগৎজ্যোতি দাসের ৫৫তম মৃ/ত্যুবার্ষিকী আজ


মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকার কর্তৃক প্রথম ঘোষিত 'বীরশ্রেষ্ঠ' শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের ১৬ নভেম্বর ঐতিহাসিক বদলপুরের সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন।

১৯৪৯ সালের ২৬ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জন্মগ্রহণ করেন জগৎজ্যোতি দাস। তাঁর পিতা জীতেন্দ্র দাস ও মাতা হরিমতি দাস। জলসুখা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষে বিরাট হাইস্কুলে ভর্তি হন তিনি। ১৯৬৮ সালে ম্যাট্রিক পাস করে সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলনে অংশ নেন। পরবর্তী সময়ে ভারতের গৌহাটির নওপং কলেজে অধ্যয়নকালে বিভিন্ন ভাষা আয়ত্ত করার পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে ধারণা অর্জন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি ভারতের মেঘালয়ের ইকো-১ প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেন। ভাটি অঞ্চলের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জের হাওরাঞ্চল নিয়ে গঠিত ৫ নম্বর সেক্টরের টেকেরঘাট সাব-সেক্টরে সুরঞ্জিত সেনগুপ্তের অধীনে বিভিন্ন অভিযানে অংশ নেন।

পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে ওঠে গেরিলা দল 'দাস পার্টি'। দলটির কমান্ডার হিসেবে জগৎজ্যোতি স্বীকৃতি পান। ভারতীয় মিত্রবাহিনীর সঙ্গে সুসম্পর্ক ও বিভিন্ন ভাষায় দক্ষতার কারণে তিনি দলের জন্য আধুনিক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহেও ভূমিকা রাখেন। দাস পার্টির উল্লেখযোগ্য অভিযানগুলোর মধ্যে ছিল পাকিস্তানি বাহিনীর বার্জে আক্রমণ, পাহাড়পুর অপারেশন, বানিয়াচংয়ে কার্গো বিধ্বস্ত করা এবং বানিয়াচং থানা অপারেশন। ১৯৭১ সালের ১৬ অক্টোবর বার্জে আক্রমণ চালিয়ে সেটি ডুবিয়ে দেন গেরিলারা। এসব অভিযানে দাস পার্টি পাকিস্তানি বাহিনীর একাধিক শত্রুঘাঁটি ধ্বংস করে।

১৯৭১ সালের ১৬ নভেম্বর বদলপুরের যুদ্ধ ছিল দাস পার্টির অন্যতম বড় অভিযান। এ যুদ্ধে জগৎজ্যোতির সঙ্গে ছিলেন বানিয়াচং, আজমিরীগঞ্জ, ছাতক দিরাইয়ের একদল মুক্তিযোদ্ধা। পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের সঙ্গে তুমুল যুদ্ধের একপর্যায়ে শত্রুপক্ষ শক্তি বৃদ্ধি করে এবং গুলি ছোড়ার জন্য হেলিকপ্টারও ব্যবহার করে। একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে জগৎজ্যোতি সহযোদ্ধাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেন এবং নিজে একটি এলএমজি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর সঙ্গে থেকে যান সহযোদ্ধা ইলিয়াস আলী। যুদ্ধের একপর্যায়ে ইলিয়াস গুলিবিদ্ধ হলে জগৎজ্যোতি নিজের মাথার লাল পাগড়ি খুলে তাঁর বুকে ও পিঠে বেঁধে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন। পরে ইলিয়াস মেশিনগান দিয়ে শত্রুপক্ষের ওপর গুলি চালাতে থাকেন। এ সময় শত্রুর অবস্থান দেখতে মাথা উঁচু করলে একটি গুলি জগৎজ্যোতির চোখে বিদ্ধ হয় এবং তিনি শহীদ হন। পরে রাজাকাররা তাঁর মরদেহ উদ্ধার করে আজমিরীগঞ্জ বাজারে নিয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে গরুর হাটে একটি খুঁটির সঙ্গে মরদেহ ঝুলিয়ে পেরেক মেরে রাখা হয়।

জগৎজ্যোতি দাসের শাহাদাতের খবর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী ও বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। ভারতের বিভিন্ন পত্রিকায়ও তাঁর বীরত্বের খবর প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুজিবনগর সরকার তাঁকে সর্বোচ্চ মরণোত্তর সম্মাননা 'বীরশ্রেষ্ঠ' প্রদানের ঘোষণা দেয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও এ ঘোষণা প্রচার করা হয়।

তবে স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার তাঁকে 'বীর বিক্রম' উপাধিতে ভূষিত করে। ফলে মুজিবনগর সরকারের ঘোষিত বীরশ্রেষ্ঠ খেতাব আর কার্যকর থাকেনি। এ সিদ্ধান্তের প্রতিবাদে ৪ নম্বর সেক্টরের জালালপুর সাব-সেক্টর কমান্ডার বীর প্রতীক মাহবুবুর রব সাদী তাঁর খেতাব বর্জন করেন। ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকেও তিনি পদক গ্রহণ করেননি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শহীদ জগৎজ্যোতি দাসসহ কয়েকজন মুক্তিযোদ্ধার বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়ার যোগ্যতার কথা তুলে ধরেন।

জগৎজ্যোতি দাসকে নিয়ে ২০০৩ সালে লেখিকা অঞ্জলি লাহিড়ী 'জগৎজ্যোতি' উপন্যাস রচনা করেন। মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা ২০০৯ সালে প্রকাশ করেন 'অনন্য মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস' নামের বই। তাজুল মহম্মদ তাঁর 'সিলেটের যুদ্ধকথা' বইয়ে দাস পার্টির অভিযানের বিবরণ তুলে ধরেছেন। নাট্যকর্মী ও লেখিকা রুমা মোদক তাঁকে নিয়ে মঞ্চনাটক নির্মাণ করেছেন। লেখক হাসান মোরশেদ লিখেছেন 'দাস পার্টির খোঁজে' বই। এ ছাড়া তাঁকে নিয়ে আব্দুর রউফের লেখা 'ভাটি বাংলার বাঘ' গানটি হবিগঞ্জে জনপ্রিয়তা পেয়েছে। কবি বাদলকৃষ্ণ বণিকও তাঁকে নিয়ে 'বীরগাঁথা জগৎজ্যোতি' শিরোনামে কবিতা রচনা করেছেন।

২০০৯ সালে অপূর্ব শর্মার বই প্রকাশের আগে জগৎজ্যোতি দাস সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাঁর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, আব্দুর রশিদসহ অনেকের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছিল। এ কাজে বানিয়াচংয়ের সাংবাদিক আব্দুল হক মামুনও যুক্ত ছিলেন। সুনামগঞ্জ জেলা শহরে তাঁর নামে 'শহীদ জগৎজ্যোতি পাঠাগার' প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু তাঁর জন্মভূমি হবিগঞ্জে এই বীর মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষণে তেমন কোনো উদ্যোগ নেই। নেই উল্লেখযোগ্য স্মৃতিচিহ্ন কিংবা তাঁর বীরত্বগাথা তুলে ধরার কার্যকর ব্যবস্থা।

মুক্তিযোদ্ধাদের দাবি, স্বাধীনতার ৫৫ বছর পূর্তির প্রাক্কালে শহীদ জগৎজ্যোতি দাসের বীরত্বের যথাযথ মূল্যায়ন করে তাঁকে মুজিবনগর সরকারের ঘোষিত 'বীরশ্রেষ্ঠ' খেতাব ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তাঁর জন্মভূমি হবিগঞ্জে স্মৃতিচিহ্ন স্থাপন ও তাঁর বীরত্বগাথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নিতে হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক