ছবি:সংগৃহীত
হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা দেশের স্বীকৃত চিকিৎসাব্যবস্থার একটি অংশ। এ পদ্ধতিতে চিকিৎসাসেবা নিতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা অভিজ্ঞ চিকিৎসকদের কাছে আসেন। তাই এ চিকিৎসাব্যবস্থার শিক্ষা ও সেবার মানোন্নয়নে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
রোববার (১৫ নভেম্বর) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশন শাহপরান থানা কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সমাজে নানা ধরনের ধারণা রয়েছে। কেউ কেউ মনে করেন, এ পদ্ধতিতে রোগ নিরাময়ে সময় বেশি লাগে। তবে দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক এ পদ্ধতিতে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। সিলেটেও এমন অনেক অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন, যাঁদের কাছে দূর-দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন।
তিনি আরও বলেন, চিকিৎসাবিজ্ঞানের অন্যান্য শাখার মতো হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও প্রাতিষ্ঠানিক শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। সিলেটে এ চিকিৎসাব্যবস্থার শিক্ষা ও চর্চার সুযোগ থাকলেও আরও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং চিকিৎসাসেবা সম্প্রসারণে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
চিকিৎসকদের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের এগিয়ে আসা উচিত। তাঁরা চাইলে নিয়মিত বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করতে পারেন। এসব ক্যাম্পে একাধিক চিকিৎসক একসঙ্গে রোগী দেখার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে পারেন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।
রোটারিয়ান ফয়সাল মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন নাদিম ও জয়নাল আবেদীন, ডা. ইমদাদুল হক, ডা. শফিকুল হক এবং ডা. নাজমুল হক প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




