হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজার বড় চালান জব্দ করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত রূপালি রঙের একটি প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল নোয়াহাটি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, সংঘবদ্ধ একটি মাদক চোরাকারবারি চক্র প্রাইভেটকারে করে মাদক পাচার করছে—এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে আসামিদের হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
জৈন্তাবার্তা/আরআর




