সংগৃহীত
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও তিন দিনের টানা বৃষ্টিপাতের কারণে ফসল নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন উত্তরের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটের প্রান্তিক কৃষকেরা। তিনদিন পর বৃষ্টিপাত থামলেও সারেনি বিভিন্ন ফসলের মাঠে ক্ষত। মাঠে থাকা আমন ধান এবং সদ্য রোপণ করা আলুক্ষেত নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। এদিকে ফসল রক্ষায় শ্রমিকের প্রয়োজন হলেও দেখা দিয়েছে শ্রমিক সংকট। এতে করে বিপাকে পড়েছেন কৃষকেরা।
সোমবার (২৩ নভেম্বর) জেলার কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন ফসলের মাঠে ধান ও আলুক্ষেত সরেজমিনে গিয়ে দেখা যায়, টানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকার আলু, সবজি ও ধানের জমিতে পানি জমি আছে। এতে করে জমিতে থাকা কর্তন করা ধান ও সদ্য রোপণ করা আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় আছেন কৃষকেরা। আবার শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক নিজেই স্ত্রী-সন্তান নিয়ে ফসল রক্ষায় মাঠের পানি নিষ্কাশনে কাজ করছেন।
কৃষকরা জানান, প্রতিকূল আবহাওয়ায় জমিতে পানি জমায় বিপাকে পড়েছেন তারা। অতিরিক্ত বৃষ্টিতে আলুর বীজ পচে যাওয়া এবং আমন ধানের ক্ষতির আশঙ্কাও করছেন তারা। একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে আবহাওয়ার বিরূপ প্রভাব সব মিলিয়ে ফসলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
জয়পুরহাট জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ করেছেন কৃষকেরা। এরমধ্যে প্রায় চার হাজার হেক্টর জমির কাটা ধান ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া, প্রায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আলুর বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কিছু মাঠে রোপণ করা হয়েছে আগাম জাতের আলু।
জেলার গোড়না গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার দেড় বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছি। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে টানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে জমিতে কিছু পানি জমেছে। রোপণ করা আলুর বীজ পচে যাবে কিনা তা নিয়ে সংশয়ে আছি।
তিনি আরও জানান, এছাড়াও মাঠে আমন ধান কেটে জমিতে ফেলে রেখেছেন। শ্রমিক না পেয়ে জমি থেকে ধান ঘরে তুলতে পারেননি। বাধ্য হয়ে নিজেই জমিতে পানি নিষ্কাশনের জন্য কাজ করছেন।
একই এলাকার প্রান্তিক কৃষক আহসান হাবীব বলেন, জমিতে আলু রোপণের পর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তবে আমাদের আলুর জমিতে পানি জমতে না পারলেও বিভিন্ন এলাকায় অনেক ফসরের ক্ষেত পানিতে ডুবেছে। শ্রমিক সংকটের কারণে সকাল থেকে জমিতে বাবা ও মাকে সঙ্গে নিয়ে পেঁয়াজের বীজ রোপণ করছি। আমাদের আলুর ক্ষতি না হওয়ার সম্ভাবনা থাকলেও এলাকার অনেকের জমতি ফেলে রাখা আমন ধানের ক্ষতি হবে।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজু আলম সরকার বলেন, ঘূর্ণিঝড় আকভানের কারণে জেলার বিভিন্ন মাঠে কিছু আগাম জাতের আলু ও রোপণ করা বীজ আলুর ক্ষেত এবং ধান ও সরিষা আক্রান্ত হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন মাঠ পরিদর্শন করে কৃষকদের দ্রুত অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থাগ্রহণের পরামর্শ দিয়েছি। পাশাপাশি সার্বিক সহযোগিতা করা হবে।
জৈন্তাবার্তা/ সুলতানা




