সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানার টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) আটক করেছে গোয়াইনঘাট থানার পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে এবং নিহতের চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে ভিকটিমের পক্ষের লোকজন কোপ দেন। এর জেরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর গোয়াইনঘাট থানার পুলিশ অভিযুক্ত আমির হোসেনকে আটক করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন হয়েছেন বলে শুনেছি। ঘটনার পর পর গোয়াইনঘাট থানার সাব-ইন্সপেক্টর গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জৈন্তাবার্তা/আরআর




