‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সন্ত্রাসীরা সিলেটে কোথাও স্থান পাবে না: আরিফুল হক চৌধুরী, বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: হুমায়ুন কবির, নিষিদ্ধ দলের চোখরাঙানি উপেক্ষা করে রাজপথে থাকব: আব্দুল কাইয়ুম চৌধুরী

‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৯:০২:৩০ অপরাহ্ন

‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


শেখ হাসিনাকে উদ্দেশ করে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘শেখ হাসিনা বিভিন্ন জনকে বলছেন, অমুক ডিসেম্বর বা তমুক ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসতে ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? এখনো তো ১৬ ডিসেম্বর হতে ২২-২৫ দিন বাকি। আজকেই আসেন না, অথবা কালকেই আসেন। বাংলাদেশের মানুষ তো আপনার অপেক্ষায় আছে।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘শেখ হাসিনা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। স্বাভাবিক কথার ছলে কীভাবে মিথ্যা বলা যায় এবং মিথ্যাকে কীভাবে স্বাভাবিক মুখের বুলি বানানো যায়, এর ওপর পৃথিবীতে কোনো পিএইচডি থাকলে তিনি তা পেতেন-এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রথম বাংলাদেশে এসে শেখ হাসিনা বলেছিলেন, ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। অথচ এখন ৮০ বছর বয়সেও আবার বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপার চেষ্টা করছেন। তিনি বলেছিলেন, বিরোধী দলে গেলে আওয়ামী লীগ কখনো হরতাল করবে না। এরপর তারা কী করেছে, তা দেশের মানুষের জানা।

বিচারব্যবস্থা ও আইনের শাসনের প্রসঙ্গ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের রক্তক্ষয়ী আন্দোলনের ফলে দেশে বিচারব্যবস্থা ও আইনের শাসন ফিরে এসেছে। আইনের শাসনের অধীনে নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণের ওপর অত্যাচার চালানো ব্যক্তির শাস্তি হয়েছে। এটি মাত্র একটি মামলার রায়। এমন আরও শত শত কিংবা হাজারো মামলা অপেক্ষমাণ রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের মানুষ তাকে কীভাবে ‘আদর-আপ্যায়ন’ করবে, তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিলেটের কোথাও এদের কোনো খবর পেলে আপনারা যথাযথ মেহমানদারি করবেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে-ময়দানে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, অতীতে যেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করা হয়েছে, একইভাবে রাজপথে প্রতিটি পাড়া-মহল্লা ও ইউনিয়নে প্রতিরোধ গড়ে তোলা হবে। যাতে এই গোষ্ঠী সিলেট জেলা তথা বাংলাদেশের কোথাও কোনো স্থান না পায়।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট বা ডকুমেন্টের প্রয়োজন হয় না। তিনি (শেখ হাসিনা) যদি বাংলাদেশে আসেন, তবে ভারতের সঙ্গে আমাদের যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে, সেই প্রক্রিয়ায় হেলিকপ্টার বা নজরদারির মাধ্যমেই আসবেন। পলাতক এই সন্ত্রাসীর নাম এখন থেকে শেখ হাসিনা নয়, বরং শেখ আসবে না হয়ে গেছে।’

তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাসের কোনো জায়গা নেই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সিলেটের জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাস প্রতিহত করা হবে। মন্ত্রী ও সংসদ সদস্যদের নেতৃত্বে পুণ্যভূমি সিলেটে সব শ্রেণি-পেশার মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘পলাতক ও নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আমরা অতীতেও বহু সংগ্রাম করেছি। এই নিষিদ্ধ দলের চোখরাঙানি উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি।’

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালিত হলেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছেড়ে যাননি। আগামী দিনের কর্মসূচিগুলোতেও নেতাকর্মীরা একইভাবে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল মালিক এমপি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
আ/গুন স/ন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
নেপালের ভূমিকম্পে কাঁ/পল সিলেট
সিলেটে হাম উ/পসর্গে আরও ৩ শিশুর মৃ/ত্যু
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু
শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা
সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার