টানা বৃষ্টির কারণে মাঠের প্রায় সব জায়গাজুড়েই জমে ছিল পানি। স্বাভাবিকভাবেই সেখানে খেলতে হিমশিম খেয়েছেন ফুটবলাররা। ছিল চোটে পড়ার ঝুঁকিও। এমন প্রতিকূল পরিবেশ দেখে খেলতে রাজী ছিল না আর্জেন্টিনা। কিন্তু রেফারির সিদ্ধান্তে খেলতে বাধ্য হয় তারা। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
বৃষ্টির কারণে মাঠে পানি জমে ছিল। আর্জেন্টিনার মিডফিল্ডার ডি পল তো বলেই দিয়েছেন তারা ফুটবল খেলতে পারেনি। ম্যাচ শেষে ড্রয়ের কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক মেসি।
টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেছেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ড্র করেছি কারণ যা করতে চেয়েছি মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে।’
কোপা আমেরিকা ফাইনালে চোটের পর দীর্ঘবিরতি কাটিয়ে জাতীয় দল জার্সিতে ফিরেছেন লিওনেল মেসি। তাকে ছাড়া আগের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ এ হেরেছিল বিশ্বজয়ী দলটি। চোট কাটিয়ে মহাতারকা ফিরলেও আলবিসেলেস্তেদের জয়ের ধারায় ফেরা হয়নি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।
ভেনেজুয়েলার মাঠে বৃষ্টির কারণে খেলা শুরু হয় আধঘণ্টা পর। মেসি ফিরলেও নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি আর্জেন্টিনার নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বদলে আর্জেন্টিনার গোলবারের দায়িত্ব নেন জিরোনিমো রুহি। তবে এদিন আর্জেন্টিনার জাল নিরাপদ রাখতে পারেননি তিনি।
যদিও ১৩ মিনিটে লিড নেয় আর্জেন্টিনাই। বক্সের ভেতর বল পেয়ে গোল করেন ওটামেন্ডি। বিরতির পর ৬৫ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। ইয়েরেফসন সোতেলদোর ক্রসে অসাধারণ এক হেডে গোল করেন সালোমন রনডন। ঘরের মাঠে সমতায় ফিরে ম্যাচে প্রাণ জাগায় স্বাগতিক দল। বাকি সময়ে দুদলের কেউই আর জালের দেখা পায়নি। এতে ভেনেজুয়েলার বৃষ্টিভেজা মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকে আর্জেন্টিনা।
জৈন্তা বার্তা / আরআর




