দক্ষিণ সুরমায় উত্তরাধিকারী সনদ জালিয়াতি : মামলায় দুইজন গ্রেফতার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় উত্তরাধিকারী সনদ জালিয়াতি : মামলায় দুইজন গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ০৫:৩২:৩০ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় উত্তরাধিকারী সনদ জালিয়াতি :  মামলায় দুইজন গ্রেফতার

ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমায় উত্তরাধিকারী সনদ জালিয়াতি মামলায় দুইজনকে গ্রেফতার করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জালালপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।


বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ।


জানা যায়, গত সোমবার জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য জিদ্দের আলী বাদী হয়ে ৩ জনের নামোল্লেখ করে ও আরও দুই তিনজনকে অজ্ঞাত রেখে মোগলাবাজার থানায় উত্তরাধিকারী সনদ জালিয়াতির একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি জালালপুর ইউনিয়নের ইসলামপুর (মুর্তি) গ্রামের খলকু মিয়ার পুত্র সাহেদ আহমদকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জালালপুর বাজারে এসএস কম্পিউটার নামের দোকানে অভিযান চালিয়ে ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত আনু মিয়ার ছেলে সাবলু মিয়াকে গ্রেফতার করা হয়।


এসময় তার দোকান থেকে জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন ও বর্তমান চেয়ারম্যান ওয়েছ আহমদের নামে দুটি সীল জব্দ করা হয়েছে।


এবিষয়ে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ বলেন, একজন চেয়ারম্যান ও মেম্বারের সীল ও স্বাক্ষরের মাধ্যমে একজন মানুষ তার নাগরিকত্বের স্বীকৃতি পায়, বিধায় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেসব চক্র এইসব সীল স্বাক্ষর জালিয়াতি করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করার দাবী জানান তিনি। 


মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ বলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। ওই জালিয়াত চক্রের আরও যারা আছে তাদের খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

A/B