রক্ষা পাচ্ছে‘দেওয়ানের পুল’
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

রক্ষা পাচ্ছে‘দেওয়ানের পুল’

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ১২:১৮:৩৬ অপরাহ্ন

রক্ষা পাচ্ছে‘দেওয়ানের পুল’

ছবি : নিজস্ব


গোলাপগঞ্জের বহুল আলোচিত দেওয়ানের পুল অবশেষে রক্ষা পাচ্ছে। এটিকে যতটুকু সম্ভব পুর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া হবে। এটি স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হবে। আর নতুন সেতুও নির্মাণ হবে। এমন সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী  (এলিম)। সোমবার সিলেটে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী (এলিম) বলেন, দেওয়ান সড়কের হেতিমগঞ্জ থেকে ঢাকাদক্ষিন সড়কের মধ্যবর্তী দেওয়ানের পুল মুলত রাস্তা থেকে একটু উচু হওয়ায় বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা যেতো না। ফলে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। যারা সড়ক নিয়ন্ত্রণ করেন তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এখানে বিকল্প ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেন। এই ব্রিজ নির্মাণের পূর্বে তারা দেওয়ানের পুলটি ভাঙা শুরু করেন। তখন পরিবেশবিদসহ অন্যরা আপত্তি তুলেন। তাদের আপত্তিতে সাময়িকভাবে কাজ বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। আমরা প্রথম দিকে সড়ক কর্তৃপক্ষের এ বিষয়টি জানতে পারিনি। অনেক সময় প্রশাসন এসব বিষয় জানেও না। পরে যখন জেনেছি তখন উপজেলা প্রশাসন হিসেবে আমরা গণ শুনানী করেছি।

সর্বশেস সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, সিদ্ধান্ত হয়েছে নতুন সেতুও হবে, আর ভাঙা ‘দেওয়ানের পুল’ যতটুকু সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে সংরক্ষণ করা হবে। উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে দেওয়ানের পুল ভাঙার কাজ শুরু করে  এলজিইডি। তখন পরিবেশপ্রেমী, ইতিহাসবিদ এবং প্রত্নতত্ব বিভাগ এ ব্যাপারে আপত্তি তুলে প্রতিবাদ জানায়। 

স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদও সেতুটি ভাঙার কাজ বন্ধ রাখতে নির্দেশনা দেন।

পরবর্তীতে ৪ জানুয়ারি স্থানীয় জনসাধারণের ব্যানারে একটি মানববন্ধন থেকে সেতুটি ভেঙে ফেলে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানানো হয়।

দেওয়ানের পুল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নে অবস্থিত। মোঘল সম্রাট মুহম্মদ শাহ এর শাসনামলে (১৭১৯-৪৮) যখন বাংলার সুবাদার ছিলেন সুজা উদ্দিন খান। ১৭৪০ সালে সুবাদারের দেওয়ান (রাজস্ব কর্মকর্তা) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে সিলেট আসেন গোলাব রাম, মতান্তরে গোলাব রায়।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে শ্রীচৈতন্যের পিতৃভূমি সম্পর্কে অবগত হয়ে গোলাব রায় সিলেট থেকে ঢাকাদক্ষিণ পর্যন্ত সড়ক নির্মাণ করেন যা দেওয়ানের সড়ক এবং এ সড়কের মধ্যবর্তী সেতুটি দেওয়ানের পুল নামে আজও পরিচিত।

গতবছর এই ১০ ফুট প্রস্থের সড়কটি ২৪ ফুট প্রস্থে উত্তীর্ণ করে পুননির্মাণের প্রকল্প নেয় এলজিইডি। এরই অংশ হিসেবে দেওয়ানের পুল অপসারণ করে এর স্থানে প্রশস্ত একটি পুল নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

গত ২৪ ডিসেম্বর থেকে দেওয়ানের পুল ভাঙার কাজ শুরু করে এলজিইডির নিয়োগকৃত ঠিকাদার। ব্রিজটি অনেকটা ভাঙার পর বিষয়টি প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য সংরক্ষক এবং স্থানীয় সচেতন মহলে নজরে এলে সমালোচনা শুরু হয়।

গত ২৮ তারিখ দ্য ডেইলি স্টারে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেদিনই দেওয়ানের পুল পরিদর্শনে প্রতিনিধি পাঠান প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এছাড়াও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র একটি প্রতিনিধিদলও ঘটনাস্থলে যান।

সেদিনই প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডি বরাবর প্রেরিত পত্রে ঐতিহাসিক এ স্থাপনা ভাঙা বন্ধে নির্দেশনা দেয়। এদিনই স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও দেওয়ানের পুল ভাঙা বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করেন।

এ পরিপ্রেক্ষিতে সেতুটি ভাঙা বন্ধ রাখা হলে ৪ জানুয়ারি সেতুটির পাশে মানববন্ধন করে দ্রুত সেতু ভেঙে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান স্থানীয় বাসিন্দাদের একাংশ।

সার্বিক পরিস্থিতি নিয়ে গত ১৫ জানুয়ারি সিলেট জেলা সমন্বয় সভার বৈঠকে আলোচনা শেষে সেদিনই গণশুনানির ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এনামুল কবীর। ২২ জানুয়ারী তারা একটি গণ মুণাণীর আয়োজনও করেন। তবে সেখানে পুল ভাঙ্গার বিরোধীদের বা আপত্তিকারীদের জানানো হয়নি। এক তরফা শুনানী হয়। পরে বিষয়টি উর্ধŸতন কর্তৃপক্ষের গোচরে আসে।

প্রসঙ্গত  ১৯৬৮ সালে পুরাতত্ত্ব আইন অনুযায়ী যে কোনো প্রত্নতাত্ত্বিক স্থাপনা, তা সংরক্ষিত ঘোষিত হোক বা না হোক, তার বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রত্নতত্ব অধিদপ্তর। কিন্তু দেওয়ানের পুল ভাঙার সিদ্ধান্ত এলজিইডি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তোয়াক্কা না করেই নিয়েছিল।

উপজেলা পরিষদের গতকালের ঘোষণার মাধ্যমে মোগল আমলের স্থাপনা  ‘দেওয়ানের পুল’ সংরক্ষণের বিষয়টি বিষয়টি পরিস্কার হয়ে গেল। উপজেলা চেয়ারম্যানের এমন ঘোষণায় এলাকাবাসী ও দলের নেতাকর্মীদের করতালিও মেলে সংবাদ সম্মেলনে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দৈনিক জৈন্তা বার্তায় ‘ক্বিন ব্রিজ বাঁচে, দেওয়ানের পুল মরে’ শিরোনামে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ পায়।

এম সি