১৫ উদ্যোক্তা সংগ্রামের গল্প শোনালেন প্রধান উপদেষ্টাকে
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

১৫ উদ্যোক্তা সংগ্রামের গল্প শোনালেন প্রধান উপদেষ্টাকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ১২:১৬:০৮ অপরাহ্ন

১৫ উদ্যোক্তা সংগ্রামের গল্প শোনালেন প্রধান উপদেষ্টাকে

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১৫ জন নারী ও পুরুষ নবীন উদ্যোক্তা। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প বলেন। তারা প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চান। সামাজিক ব্যবসা প্রসারে ২০১০ সালে গঠিত গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে পাওয়া বিনিয়োগ কীভাবে উদ্যোক্তাদের শূন্য থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে সহযোগিতা করেছে সেসবের বর্ণনা দেন উদ্যোক্তারা। এজন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা।

এই উদ্যোক্তাদের অধিকাংশই গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্ট থেকে বিনিয়োগ নিয়ে ব্যবসা করছেন। কেউ কেউ ষষ্ঠ ও পঞ্চমবারের মতোও বিনিয়োগ পেয়েছেন। উদ্যোক্তাদের সংগ্রামের গল্প শুনে উচ্ছ্বসিত হন প্রধান উপদেষ্টা। তিনি তাদের কাছে উদ্যোক্তাদের জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা জানতে চান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আপনাদের জীবনের গল্পগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক। আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি হলাম। আপনারা অনেক ভালো ভালো কথা বলেছেন, সুনাম করেছেন। আমাদের পরামর্শও দিন। আরও কী কী হলে উদ্যোক্তাদের জন্য ভালো হয় তা আমাদের বলুন।

সাক্ষাৎকালে উদ্যোক্তারা গ্রামীণ টেলিকম ট্রাস্ট ও গ্রামীণ ট্রাস্টের সামাজিক ব্যবসা প্রসারে নবীন উদ্যোক্তাদের জন্য গৃহীত কর্মসূচির প্রচার-প্রচারণা বাড়ানোর পরামর্শ দেন। তারা বলেন, বেশিরভাগ লোকই এই উদ্যোগগুলো সম্পর্কে জানেন না। প্রচার-প্রচারণা বাড়ালে অনেক দরিদ্র মানুষ উপকৃত হবেন।

উদ্যোক্তাদের বিনিয়োগের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার জন্যও প্রধান উপদেষ্টার প্রতি তারা আহ্বান জানান। উদ্যোক্তারা বলেন, দক্ষতার অভাবে অনেকেই তাদের ব্যবসা বড় করতে পারেন না। যদি উপযুক্ত কর্মশালার আয়োজন করা যায় তাহলে জেলায় জেলায় আরও দক্ষ ও সফল উদ্যোক্তা গড়ে উঠবে।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের আলোচনা ও পরামর্শ থেকে আজ অনেক কিছু জানতে পারলাম। আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, নিরাপদে যেন কাজ করতে পারেন সেটা নিশ্চিত করতে চাই। আজকের আলোচনা থেকে ভবিষ্যৎ পথচলা কেমন হতে পারে সেসব আইডিয়া পেলাম। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

এ সময় অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প, খুলছে সম্ভাবনার নতুন দুয়ার
গোলাপগঞ্জে সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে প্রাচীন মসজিদ
উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাত নেতাকর্মী গ্রে/প্তার
নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন