পুকুরে গোসল করতে গিয়ে পাওয়া গেল থানার অ স্ত্র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

পুকুরে গোসল করতে গিয়ে পাওয়া গেল থানার অ স্ত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ১২:২৩:৫৪ অপরাহ্ন

পুকুরে গোসল করতে গিয়ে পাওয়া গেল থানার অ স্ত্র

ছবি : সংগৃহীত


নোয়াখালীর চাটখিল থানার পুকুর থেকে একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে গোসল করতে নেমে অস্ত্রটি পান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আলীম ইসলাম।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে থানার পুকুরে গোসল করতে নামেন আবদুল আলীম। পরে তিনি একটি মাছ দেখে তা ধরতে যান। পরে পায়ের সঙ্গে লোহার মতো কিছু লাগায় তুলে দেখেন সেটি অস্ত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে থানার ভেতরের পুকুরে গোসল করতে নামেন চাটখিল থানায় কর্মরত সহকারী এএসআই আব্দুল আলীম ইসলাম। এ সময় ঘাটের পশ্চিম পাশে একটি বড় মাছ দেখতে পান তিনি। মাছ ধরার জন্য ঘাটের পশ্চিম পাশে গেলে তার পায়ে লোহার মতো কিছু একটা লাগে। পরে পাশে থাকা এএসআই বাছির উদ্দিনকেও ডেকে নেন তিনি। পায়ে লাগা বস্তুটি পানির ওপরে তুলে দেখা যায় সেটি একটি চায়না রাইফেল।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “গত ৫ আগস্ট থানা থেকে বেশকিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনও ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার তিনটি চায়না রাইফেল রয়েছে। উদ্ধার করা চায়না রাইফেলটির তথ্য কাগজপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।”

এর আগে, গত বছরের ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে থানার অস্ত্রাগার লুট করা হয়। আগ্নেয়াস্ত্রটি কীভাবে থানার পুকুরে এলো সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

জৈন্তাবার্তা / রহমান