সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সরকারি সংস্থাটির এক সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চার বিভাগে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পরিমাণ ভারী বৃষ্টি এবং কিছু স্থানে ৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়ার আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে এক সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আরেক পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে সরকারি সংস্থাটি জানিয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




