ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের মানুষের সঙ্গে এই জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় নির্ধারিত সময়েই এই প্রধান জামাত শুরু হয়। এর আগে সকাল ৭টার কিছু সময় পরেই নামাজে অংশ নিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ ময়দানে এসে পৌঁছান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি এই জামাতে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকার বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন। এছাড়াও নানা শ্রেণি-পেশার হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে মুসলিম উম্মাহর শান্তি ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে খুতবা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় ঈদগাহে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কঠোর কড়াকড়ি থাকলেও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বজায় ছিল।
জৈন্তাবার্তা/আরআর




