চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসক সংকটে মিলছে না সেবা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৭:১০:০০ অপরাহ্ন

চিকিৎসক সংকটে মিলছে না সেবা

ছবি:সংগৃহীত


চিকিৎসক সংকটে ভুগছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এখানে ৩৩টি পদের বিপরীতে আছেন মাত্র ২ জন চিকিৎসক। এর মধ্যে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত থাকলেও তারা নিয়মিত রোগী দেখছেন না। চিকিৎসক সংকটের কারণে কাক্সিক্ষত সেবা পেতে রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এই সংকটের ফলে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষও।

কুলাউড়া একটি বৃহৎ উপজেলা। এই উপজেলার ৫ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এই হাসপাতালে কয়েক মাস ধরে চিকিৎসক ও জনবল সংকট থাকার কারণে কোনোমতে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসাসেবা। বিভিন্ন সময় এই হাসপাতালে মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়া হলেও কিছুদিনের মধ্যেই বদলি অথবা প্রেষণে অন্যত্র চলে যান চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে মোট ৩৩টি পদের মধ্যে তিনটি পদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস, মেডিকেল অফিসার ডা. মো. মুসাদ্দিক হোসেন ও ডা. আবদুর রহমান আয়েজ কর্মরত আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে একমাত্র চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল বাহার সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দায়িত্ব পালন করেন আর বাকি ৪ দিন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে থাকেন। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ এফ এম রেজাউল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃনাল সাহা, অর্থোপেডিক্স সার্জারি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মাসউদুর রহমান ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আবু বকর নাসের রাশু হাসপাতালে কর্মরত রয়েছেন। কিন্তু রোগী দেখতে তাদের জন্য কোনো কক্ষ বরাদ্দ নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে বসে দায়িত্ব পালন করে চলে যান তারা। ডা. মোহাম্মদ মাসউদুর রহমান ও জুনিয়র কনসালটেন্ট সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. সাদেকুল আলম প্রেষণে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে কর্মরত রয়েছেন। অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ ডা. আমিনুল ইসলাম প্রেষণে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ও সহকারী ডেন্টাল সার্জন মো. নাহিদ ইসলাম প্রেষণে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। এ ছাড়া শূন্য পদের মধ্যে রয়েছে ইএনটি, চক্ষু, গাইনি, সহকারী সার্জন ২, মেডিকেল অফিসার ৩, অ্যানেসথেনিস্ট ১, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ৩, সহকারী সার্জন গাইনি ১, সহকারী সার্জন চক্ষু ১, মেডিকেল অফিসার আয়ূর্বেদিক ১, প্যাথলজিস্ট ১ ও আবাসিক মেডিকল অফিসারের ১টি পদ।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে অন্তত ৩০০ এবং আবাসিক ও বহির্বিভাগে গড়ে ৬০০ থেকে ৮০০ মানুষ চিকিৎসা নিতে আসেন। সেবা নিতে এসে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শত শত রোগী হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে দাঁড়িয়ে টিকেট করতে দেখা যায়। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসককে পাচ্ছেন না অনেকেই।

হাসপাতালের মহিলা ওয়ার্ডে কথা হয় কুলাউড়া সদর ইউনিয়নের হরিপুর গ্রামের হানিফ মিয়ার স্ত্রী জুবেদা আক্তারের সাথে। তিনি বলেন, আমার দেড় মাস বয়সী মেয়ে তালহা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ২৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিতে হবে। ডাক্তার সংকটের কারণে হাসপাতালে আসা অনেক রোগীকে যথাযথ সেবা না দিয়ে তড়িঘড়ি করে জেলা সদর কিংবা সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার করা হয়। এতে রোগীদের যন্ত্রণার শেষ নেই। রোগীর স্বজনদের অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।

দেখা গেছে, এসব রোগীকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন মেডিকেল অফিসার ডা. মো. মুসাদ্দিক হোসেন ও ডা. আবদুর রহমান আয়েজ। কিন্তু মাত্র ২ জন চিকিৎসক থাকায় মানুষের সেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়াও বিভিন্ন কর্মশালা, জেলা কিংবা উপজেলা সদরে বিভিন্ন মিটিংয়ে ইউএইচএফপিও ও আরএমও অংশগ্রহণ করেন। তখন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। এ অবস্থায় দ্রুত চিকিৎসক সংকট ও অন্যান্য সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ কুলাউড়ার সচেতন মহল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাস বলেন, চিকিৎসক ও লোকবল সংকটের কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তবুও সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চিকিৎসক সংকটের কারণে চাহিদা চেয়ে এবং প্রেষণে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের আদেশ বাতিলের জন্য সিভিল সার্জনের কাছে আবেদন দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন বলেন, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সম্প্রতি সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে গিয়ে চিকিৎসক সংকটের বিষয়টি আলোচনা করেছি। শিগগির মৌলভীবাজারে বেশ কিছু সংখ্যক চিকিৎসক পদায়ন করা হবে। এরপর কুলাউড়াসহ অন্য উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক পদায়ন করা হবে।

কুলাউড়া আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শওকতুল ইসলাম শকু বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর কুলাউড়া হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকটসহ হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য সংসদে জোরালো দাবি জানাই। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের বিভিন্ন উপজেলাসহ সিলেট বিভাগের তিনটি উপজেলার মধ্যে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য কার্যক্রম হাতে নিয়েছেন। ইতোমধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসক ও জনবল সংকটের বিষয়টি পুনরায় সংসদে উত্থাপন করবো।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন